১২ সেপ্টেম্বর ২০১২ - ১৯:৩০

আমেরিকায় মহানবী (সা.)-এর অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভকারী জনগণ আজ ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা করেছে।

বার্তা সংস্থা আবনা :  আমেরিকায় মহানবী (সা.)-এর অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভকারী জনগণ আজ ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা করেছে। রাজধানী সানায় বিক্ষোভকারী জনতাকে ঠেকানোর জন্য পুলিশ এলোপাথারি গুলি চালিয়েছে। এতে অন্তত এক বিক্ষোভকারী নিহত ও অপর অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুলির পাশাপাশি কাঁদানে গ্যাস এবং পানি কামানও ব্যবহার করে পুলিশ।  কিন্তু সহিংস আচরণ করেও তাদেরকে শেষ পর্যন্ত ঠেকানো যায়নি । বিক্ষুব্ধ লোকজন দূতাবাস চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে পার্ক করা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

অবশ্য নিরাপত্তা বাহিনী পরে দূতাবাস চত্বর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু দূতাবাসের বাইরে এখনো মার্কিন বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এদিকে নাইজেরিয়ার মার্কিন দূতাবাসে হামলা হতে পারে বলে সে দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সর্তক করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ গ্রহণের জন্য আমেরিকার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।# 

(সূত্র : রেডিও তেহরান)